সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিতে হবে জিপিকে

২০ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৫০  
আগামী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে আপিল আবেদনের শুনানি শেষে এই রায় দিয়েছেন আদালত। অডিট আপত্তির পাওনা পরিশোধে আদালতে গত ২৬ জানুয়ারি রিভিউ আবেদন করে গ্রামীণফোন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এই শুনানি করেন। আদালতে গ্রামীণফোনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। শুনানি শেষে ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, আজ (বৃহস্পতিবার) আদালত সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে আসতে নির্দেশ দিয়েছেন এবং একই দিনে রিভিউ আবেদনের ওপর আদেশর জন্য দিন রেখেছেন আদালত।